‘স্বাস্থ্যখাত আমলাতন্ত্রের গ্যাড়াকলে পড়ে গেলে বিপদ’

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা গত ৫২ বছরে অনেকদূর এগিয়ে গিয়েছে। তবে আমাদের নানা সমস্যা রয়ে গেছে। আমাদের চিকিৎসকদের দায়বদ্ধতার ঘাটতি রয়েছে। সরকার ও কর্তাব্যক্তিদের দায় রয়েছে। গণমাধ্যমের দায় ও রয়েছে। আমলাতন্ত্রের গ্যাড়াকলে স্বাস্থ্য পড়ে গেলে বিপদ। স্বাস্থ্যের নেতৃত্বে থাকতে হবে স্বাস্থ্য খাতে জড়িত ব্যক্তিদের। তাহলে অনেক সমস্যার সহজ সমাধান মিলবে।’ 

বুধবার (৫ জুন) বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এই গোলটেবিল বৈঠকের মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ রূপান্তর। আর সহযোগিতায় ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

তিনি বলেন, রাষ্ট্র যদি বিচক্ষণ হয়ে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেন আরও বাজেট বরাদ্ধ দেন তাহলে আমাদের রোগীরা বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা নেবেন। এতে সরকারের আয় বাড়বে। দেশের টাকা দেশে থাকবে। এখন পর্যন্ত স্বাস্থ্য সংকট সমাধানে আসেনি। 

ডা. ইহতেশামুল হক চৌধুরী আরও বলেন, একদিক দিয়ে সরকারের বরাদ্দ বাড়াতে হবে অন্যদিকে লুটপাট বন্ধ করতে হবে। রাষ্ট্র জনগণকে ভয় না পেলেও গণমাধ্যমকে ভয় পায়। গণমাধ্যম দায়িত্বশীল সাংবাদিকতা করলে স্বাস্থ্যের অনিয়ম কমে যাবে। আমাদের চিকিৎসক রা রোগীর অতীত জেনে চিকিৎসা করার মতো সময় নেই। রোগীরাও নিজেদের পরিবারের অতীত ইতিহাস জানতে আগ্রহী নয়। দেশে কতজন এমবিবিএস চিকিৎসক আছেন তা কেউ জানে না। তবে আশার কথা এই প্রথম স্বাস্থ্যে আমরা দুজন মন্ত্রীকে চিকিৎসক হিসেবে পেয়েছি। আশাকরি তারা আমাদের সংকট দূর করবেন।