একটা সময় তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। তবে বেশ কিছুদিন ধরেই খুঁইয়েছিলেন সিংহাসন। দুদিন বাদেই লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সুখবর দেশের ক্রিকেটের পোস্টারবয়ের জন্য। হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশের পর টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পারফরম্যানসের ওপর ভিত্তি করে বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তাতেই পিছিয়ে পড়েছেন এতদিন শীর্ষে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন হাসারাঙ্গা। তবে বোলিংয়ে ২২ রানে ২ উইকেট নেন তিনি। তার সঙ্গে ৭৭ রানে গুটিয়ে গিয়ে শ্রীলঙ্কাও ম্যাচ জারে ৬ উইকেটে।
২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবি তিনে আছেন ২১২ রেটিং পয়েন্ট নিয়ে।