আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত রিপোর্ট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশ না নেওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তই প্রধান ভূমিকা রেখেছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ওই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মতিও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আজ এ প্রতিবেদন প্রকাশ করে। গত মার্চে গঠিত কমিটির নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যা। কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিরাপত্তাঝুঁকির বিষয়টি সামনে রেখে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কোনো যৌথ সিদ্ধান্ত কিংবা বিসিবির পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক যৌথ সিদ্ধান্ত ছিল না।

প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, তৎকালীন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ নজরুল নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেন। এ সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাধীন কোনো নিরাপত্তা পর্যবেক্ষণ বা মূল্যায়ন করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের সঙ্গে বিসিবিও একমত ছিল। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হয়নি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ।

যদিও এই তদন্ত কমিটির ডাকে সাড়ে দেননি আসিফ নজরুল ও বিসিবির তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত