বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশ রূপান্তর কার্যালয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়। এই গোলটেবিল বৈঠকের মিডিয়া পার্টনার দেশ রূপান্তর। আর সহযোগিতায় ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
গোলটেবিল বৈঠকে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, টেকনিক্যাল টার্ম আমরা সহজভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি না। সাংবাদিকদের সমস্যা হচ্ছে, সবাই মনে করে আমাদের প্রশিক্ষণের প্রয়োজন নেই। আমরা সমৃদ্ধ হতে চাই না-এটা গোটা সমাজব্যবস্থার সমস্যা।
আমাদের চিকিৎসা দিনে দিনে অনেক উন্নত হয়েছে। আমাদের রোগ নির্ণয় ব্যবস্থার আধুনিকায়ন ঘটেছে। ছোট বেলায় দেখতাম গ্রামের এমন অনেক আত্মীয়স্বজনের মৃত্যু হয়েছে কিন্তু তাদের কি অসুখ হয়েছিল তা কেউ জানতো না। কিন্তু এখন সেই সংকট নেই।
ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার একটা বড় কারণ হিসেবে বলা হচ্ছে দুশ্চিন্তা। যদি এই দিক চিন্তা করি তাহলে সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বো। একই অবস্থা সাধারণ মানুষের। আমাদের যে জীবন তাতে দুশ্চিন্তা ছাড়া থাকার কোনো সুযোগ নেই।
মরিনহো বলেছিলেন, ডাক্তাররা হচ্ছে ঈশ্বর। কেননা তারা মানুষের জীবন বাঁচাতে পারেন। আসলেই তাই। চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে আমরা হৃদ্যতার সম্পর্ক তৈরি করতে পারি না। আমাদের চিকিৎসক ইঞ্জিনিয়ারদের আমরা হিরো বানাতে পারি না। এই জায়গায় সাংবাদিকদের একটা বড় ব্যর্থতা রয়েছে। ফলে অগুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন সমাজের হিরো।