টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচাবাজার এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। এখানে পানি নিষ্কাশনের জন্য নালা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি। মঙ্গলবার সকালে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়।
জানা যায়, এই সড়ক দিয়ে আওলাতৈল, লস্করপুর, মরিচা, ভরসরাই, চালাসরাই, রাজাবাড়ী, নালিয়াচালা এবং পার্শ্ববর্তী সখীপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। কিন্তু অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হয় ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার পাশে একটি পুকুর ছিল। কিছুদিন আগে পুকুরটিতে মাটি ভরাট করায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করবে। রাস্তার এমন অবস্থার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচল করতে অসুবিধায় পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকদিন ধরে এই সড়ক দিয়ে হেঁটে চলাচল করতে পারছি না। সামান্য কারণে আমাকে গাড়িতে চলাচল করতে হচ্ছে।
ইজিবাইক চালক কালাম মিয়া বলেন, জলাবদ্ধতার কারণে রাস্তার পরিস্থিতি খুবই বাজে। এ সময় ইজিবাইক চালাতে সমস্যায় পড়তে হয়। এ সময় পানিতে পড়ে দুর্ঘটনার শঙ্কায় থাকি।
মোটরসাইকেল চালক আল-আমিন বলেন, পানির মধ্য দিয়ে মোটরসাইকেল চলানোর সময় রাস্তার অবস্থা বোঝা যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তায় নালা ব্যবস্থা করলে জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতাম।
পারখী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান তোতা বলেন, অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। এতে করে জনসাধারণ, বাজার ব্যবসায়ী, বাজারে আসা ক্রেতা ও পথচারীরা বিপাকে পড়ছেন। এ ব্যাপারে বাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হুসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা দুঃখজনক। এতে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। আশা করি জনগণ দ্রুত এ সমস্যার প্রতীকার পাবেন।