টাঙ্গাইলের কালিহাতীতে পুকুর থেকে সিরাজুল ইসলাম শিরু (৫০) নামে এক তাঁতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী এলাকার বড়পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। নিহত সিরাজুল ইসলাম শিরু ওই এলাকার আজমত আলীর ছেলে। তিনি পেশায় তাঁতি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে সিরাজুল ইসলামকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিহতের ছেলে আকাশ জানান, শুক্রবার সকালে প্রতিবেশী আল-আমিন ও ইসলাম তাদের জানান, আগের রাতে তারা তার বাবাকে পুকুরের ধারে পড়ে থাকতে দেখেছিলেন। তবে তারা বিষয়টি তখন পরিবারের কাউকে জানাননি।
আকাশ আরও জানান, বাবাকে খুঁজে না পেয়ে তারা থানায় খবর নিয়েছিলেন। শুক্রবার জুমার নামাজের পর বাবার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে বাড়ির পাশের বড়পুকুরে বাবার মরদেহ ভেসে ওঠার খবর পান।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সিরাজুল ইসলাম মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।