পাপুয়া নিউ গিনিতে ভূমিধস

২০০০ হাজার মানুষের উদ্ধারকাজ বন্ধ করে ‘গণকবর’ ঘোষণা

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়া ২০০০ মানুষের উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (০৫ জুন) দেশটির এনগা প্রদেশে উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণার কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ভূমিধসের কবলে পড়া তুলিপারো গ্রামকে ‘গণকবরস্থান’ ঘোষণা করেছে। মরদেহ উদ্ধার সম্ভব নয় জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

গত ২৪ মে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে বাড়িঘর, অবকাঠামো এবং কৃষিজমি আট মিটার পর্যন্ত দেবে যায়।  মহাসাগরীয় সরকারের ধারণা, এ ঘটনায় প্রায় ২০০০ মানুষ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।

এর আগে জাতিসংঘের অভিবাসন সংস্থা ওই এলাকার সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছে সেখানে জ্বালানির ঘাটতিসহ নিরাপত্তা সমস্যা রয়েছে। প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভূমিধস কবলিত দেশটির জন্য চার মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে।