ভারতে সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে হিমাচলের মাণ্ডি থেকে জিতেছেন বিজেপির কঙ্গনা রানাউত। এর মধ্যেই জানা গেল, তার প্রেমে পাগল ছিলেন বিহারের হাজিপুরে জেতা আরেক রাজনীতিবিদ চিরাগ পাসওয়ান। নির্বাচনে প্রায় ৫৩ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়েছেন রামবিলাসপুত্র।
এমনিতে কঙ্গনার বলিউডযাত্রা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে লোক জনশক্তি দলের নেতা চিরাগ কঙ্গনার প্রেমে পাগল ছিলেন জেনে নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছেন। আসলে রাজনীতির ময়দানে নামার আগে সিনেমায় ভাগ্যপরীক্ষা করেছিলেন চিরাগ। এক দশক আগে কঙ্গনার সঙ্গে একটি সিনেমাও করেন।
কঙ্গনা-চিরাগের সেই সিনেমার কথা খুব কম মানুষই জানেন। সালটা তখন ২০১১। সেই বছরই ‘মিলে না মিলে হাম’ সিনেমার সুবাদে বলিউড অভিষেক হয় চিরাগের। আর প্রথম সিনেমাতেই তার নায়িকা কঙ্গনা। তানভীর খান পরিচালিত সেই সিনেমায় টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন চিরাগ। আর তার প্রেমিকা অনীষার ভূমিকায় ছিলেন কঙ্গনা।
সিনেমায় চিত্রনাট্যের খাতিরেই কঙ্গনার সঙ্গে প্রেমে জড়াতে হয় চিরাগকে। এক দশক আগের সেই সিনেমা বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ হয়। এর ফলে আর বলিউডমুখো হননি চিরাগ। যোগ দেন রাজনীতিতে। কাকতালীয়ভাবে সেই জুটেই এবার রাজনীতির ময়দানে এনডিএ জোটে রয়েছেন।