আফজাল হোসেনের গীতিকবিতায় তানভীর তারেকের গান

বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় তানভীর তারেক এর সুর-সঙ্গীতে নতুন গান প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। গানটির শিরোনাম ‘কবে ও কীভাবে’। গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকণার আমরা আদর্শলিপির’ থেকে নেয়া।

এ প্রসঙ্গে  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন,‘আফজাল ভাইয়ের স্নেহধন্য হিসেবে নিজেকে ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তাঁর নির্মানের প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’তে আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একই সাথে এ ছবিটিতে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন তিনি।

এরপর বিচ্ছিন্নভাবে তার সাথে বিভিন্ন ধরণের কাজ হয়েছে মূলত আফজাল ভাইয়ের সাথে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তাঁর একটি কবিতাকে গানে  রূপান্তরের। তিনি সম্মতি জানালেন। গানের কথাগুলো এমন ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’। চমৎকার একটি গল্প আছে গানটিতে। পরে কবিতাটি গানে রুপান্তরের জন্য সংযোজন বিয়োজন করা হলো। আমি যখন তাকে ডেমো শুনালাম তখন তিনি যুক্তরাষ্ট্রে। এভাবেই গানটি তৈরি হলো। এটা আমার জন্য একটা দারুণ অনুভব বলতে পারেন। এমন গুণীজনের সাথে একটি স্মৃতিস্মারক হয়ে থাকবে গানটি। গিটার-পিয়ানোর ওপরে গানটি বেঁধে মেলো রোমান্টিক জনরায়।’

আফজাল হোসেন বলেন,‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’ 

‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদ উপলক্ষে। এবং বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্লাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।

তানভীর তারেক সঙ্গীত পরিচালনার পাশাপাশি উপস্থাপনা, কন্টেন্ট নির্মাণে এখন নিয়মিত ব্যস্ত রয়েছেন। এবারের ঈদ উপলক্ষে টিভি ও এফএমএ তার উপস্থাপনায় ঈদ অনুষ্ঠান প্রচার পাবে। এছাড়া বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল এটিভি ইউএস এর কান্ট্রিহেড হিসেবে দায়িত্ব পালন করছেন।