আজ ১৯ জুলাই দেশের আলোকিত মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেনের জন্মাদিন। জীবন বসন্তের ৭২ অধ্যায় পূর্ণ করলেন এই নন্দিত তারকা। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিন নিয়ে আফজাল হোসেন বরাবরই অনাড়ম্বর। দিনটিকে অন্য দিনের মতোই মনে করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে জন্মদিনে কিছু মনে হয় না। অন্য দিনের মতোই লাগে। বড় পরিসরে কিছু করি না। তবে পরিবার থেকে করা হয়। বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা পাই, কাছের মানুষরা উইশ করেন। তারা দিনটি উদযাপন করেন, আমি তাদের ভালোবাসায় সাড়া দিই। তাদের জন্যই দিনটি বিশেষ হয়ে ওঠে।’
বয়স নিয়ে তার ভাবনা সহজ ও গভীর। তিনি মনে করেন, ‘বয়স আসলে সংখ্যামাত্র। কেউ যদি তার কাজ ভালোবেসে করে, আনন্দ নিয়ে করে, তা হলে তার চেহারায় তা প্রতিফলিত হয়। মানুষ তখন তাকে দেখে বলে, আপনি তো আগের মতোই আছেন। সেই কাজের আনন্দই মানুষের বয়সের ছাপ মুছে দেয়।’
জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দ নিয়ে কাজ করে যেতে পারি, এই চাওয়াটাই সবচেয়ে বড়।’ অভিনেতা বলেন, ‘একেকজন মানুষ একেক রকম হয়। আচার ব্যবহারও ভিন্ন হয়। আমিও একটু আলাদা। চাওয়া-পাওয়াটাও অন্যরকম। আমি নিজে যে মানুষ, তা যেন না হারাই, কথাটি সবসময় মাথায় রেখেছি। আমার মধ্য থেকে আসল মানুষটি যেন না হারায়। যে কোনো শিল্পীর জন্য আসল মানুষটিকে ধরে রাখা দরকার।’
১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি নাম। অভিনয়, নির্মাণ, চিত্রাঙ্কন, লেখালেখি সবখানেই তিনি রেখেছেন দক্ষতার ছাপ।
রূপালী ব্যাংকের ৪০তম এজিএমে আর্থিক বিবরণী অনুমোদন
টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: পাটওয়ারী
কপোতাক্ষ-ইছামতি-বেতনার ৩০২ অবৈধ দখলদারের তালিকা প্রকাশ