জুলাই থেকে অর্থবছর কেন শুরু হয়

বাজেট আসলে যে শব্দটি বেশি আলোচিত হয়, সেটি হচ্ছে ‘অর্থবছর’। কিন্তু আমরা অনেকেই জানি না অর্থবছর আসলে কি। কেনই বা বছরে মাঝ থেকে শুরু হয় এই অর্থবছর।

বিশ্বের একেক দেশে একেক মাসে অর্থবছর শুরু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাজেট জুন-জলাই মাসে কেন হয়? কেন জনু-জুলাই মাস থেকে বাংলাদেশের অর্থ বছর গণনা শুরু হয়?

পৃথিবীতে প্রথম পঞ্জিকার প্রচলন করেন সুমেরীয়রা। তখনকার সময়ে না ছিল সপ্তাহের হিসাব, না ছিল দিনের সঠিক হিসাব। কালের বিবর্তনে সুমেরীয়দের এই পঞ্জিকা ছাড়িয়ে বর্তমানে পৃথিবীতে ৮০ ধরনের পঞ্জিকার প্রচলন রয়েছে। এরমধ্যে অর্থনৈতিক পঞ্জিকা হিসেবে যোগ হয়েছে অর্থবছরের।

আমরা বাঙালিরা বঙ্গাব্দ ও খ্রীষ্টাব্দকে সাধারণ পঞ্জিকা হিসেবে মেনে চললেও, আমাদের অর্থবছর শুরু হয় জুলাই মাস থেকে। জুলাই থেকে জুন অবধি চলে আমাদের অর্থবছর। এই অর্থবছরকে ভিত্তি ধরে প্রস্তুত ও প্রণয়ন হয় বাংলাদেশের বাজেট। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল এবং সেখান থেকে স্বাধীন বাংলা- এই দীর্ঘসময় ধরে আমরা জুলাই মাসকে অর্থবছর ধরে বাজেট প্রস্তুত ও উত্থাপন করে আসছি।

মূলত একটি দেশের শস্যের উৎপাদন, রাজনৈতিক প্রক্রিয়া, সরকারি-বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ-সুবিধার বিভিন্ন দিক পর্যালোচনা করে অর্থবছর ঠিক করা হয়।

সেদিক থেকে জুলাই মাস বাংলাদেশের বর্ষাকাল। এ সময় মাঠে কৃষকদের ফসল থাকে, কয়েক মাস পরেই ফসল ওঠে তাদের ঘরে। এ ছাড়াও কিছু কিছু অঞ্চলে এরই মধ্যে ফসল উঠে যায়। বছরের এই মধ্যবর্তী সময়টি কৃষিক্ষেত্রে বাজেটের বিভিন্ন দিক ভেবে ব্যবস্থা নেয়ার মোক্ষম সময়। কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালু হয় এই রীতি।

 এ ছাড়াও রাজনৈতিক দিক বিবেচনা করলে, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নতুন কোনো দল ক্ষমতায় এলে তারা বাজেট প্রণয়নের জন্য বেশকিছু সময় হাতে পায়। এ সময় জনগণের আশা-আকাঙ্ক্ষার নানা প্রতিফলন বাজেটে তুলে আনার যথেষ্ট সুযোগ পায় সরকারি দল।

এ ছাড়াও যুক্তরাজ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে মিলিয়ে অর্থবছর ঠিক করলে ঋণের হিসাব সহজ হয়। বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থবছর শুরু হয় জুলাই থেকে, সে হিসাবে বিশ্বব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই মাসকে অর্থবছর ধরলে উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা হয়।

তবে অনেক অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে অর্থবছর পরিবর্তনের প্রয়োজন। অনেকেই মনে করেন, জুনে বাংলাদেশে বর্ষাকাল শুরু হওয়ায় দেশের অনেক অঞ্চল পানিতে ডুবে যায়। মাঝেমধ্যে দেখা দেয় ভয়াবহ বন্যা। এমন সময়ে একটি অর্থবছরের শেষের দিকের অর্থ ও আগত আরেকটি অর্থবছরের অর্থ বরাদ্দ ও ব্যবহার করতে অসামঞ্জস্যতার সৃষ্টি হয়।

আবার অনেক বিশ্লেষকের মতে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জুলাই-জুন অর্থবছর বাস্তবসম্মত। বাজেট তৈরির সময়কাল ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টি এর কারণ হিসেবে নিবিড়ভাবে দেখা যেতে পারে।