ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় রাতেই দায়ের করা পৃথক দুটি মামলায় ৭২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতো বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়৷ আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষের পর রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল প্রতীকের মিলন মাহমুদ বাচ্চু মৃধা ও দোয়াত কলম প্রতীকের আফরোজা আক্তার লাইজু রাত দেড়টার দিকে উভয় উভয়পক্ষকে দোষারোপ করেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. মিলন মাহমুদ বাচ্চু মৃধা জানান, ঘটনাস্থলে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রশাসন বুঝতে পারবে কারা প্রথমে হামলা চালিয়েছে। দোয়াত কলম প্রতীকের প্রার্থী আফরোজা আক্তার লাইজু আমার একজন প্রতিবন্ধী সমর্থকের গায়ে হাত তুলেছে। তিনি বহিরাগতদের এনে সমর্থকদের সাথে নিয়ে আমাদের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। তাই বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কমনা করছি।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দোয়াত কলম প্রতীকের প্রার্থী আফরোজা আক্তার লাইজু জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু মৃধা তার পক্ষে মাঠে সন্ত্রাসী বাহিনী নামিয়েছে। এদের প্রশাসন যেভাবে হোক প্রতিহত করুন। সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমরা মুক্ত হতে চাই।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান বলেন, উভয়পক্ষের অভিযোগের প্রেক্ষিতে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলার কার্যক্রম অনুযায়ী আগাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে প্রশাসন যথেষ্ট সোচ্চার রয়েছে।