ল্যাপটপের দাম কমবে

দেশীয় ল্যাপটপ উৎপাদনকারী শিল্পকে সুবিধা দিতে আগামী অর্থবছর থেকে ল্যাপটপ আমাদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে ভ্যাট প্রত্যাহারের করেছে সরকার। ৩১ শতাংশের পরিবর্তে ২০ দশমিক ৫০ শতাংশ শুল্ককর দিতে হবে এতে ল্যাপটপের দাম কমতে পারে।

আজ বৃহস্পতিার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ স্লোগান বাস্তবায়নের উদ্দেশ্যে ল্যাপটপ পণ্যটি দেশীয় ভোক্তাদের নিকট সহজলভ্য করতে এবং নকল বা রিফারবিশড ল্যাপটপ ক্রয়ের মাধ্যমে প্রতারণার হাত থেকে ক্রেতাদের রক্ষা করতে ল্যাপটপ এর আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। একইসঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহার করার সুপারিশ করছি। এতে সর্বমোট করভার ৩১ শতাংশ হতে কমে ২০ দশমিক ৫০ শতাংশ এ গিয়ে দাঁড়াবে।

অর্থমন্ত্রী বলেন, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির জন্য বিদ্যমান প্রজ্ঞাপন অনুযায়ী যে কোনো আমদানিকারক কোনো শর্ত ছাড়াই শুধুমাত্র ৫ শতাংশ আমদানি শুল্ক প্রদান করে সকল ধরনের কম্পিউটার ও প্রিন্টার এর যন্ত্রাংশ ইত্যাদি আমদানি করতে পারে যা প্রকৃত কম্পিউটার সামগ্রী উৎপাদকগণের জন্য অসুবিধাজনক। বর্ণিত অবস্থায়, এ প্রজ্ঞাপনে অন্তর্ভূক্ত কতিপয় পণ্যকে  প্রজ্ঞাপনটি থেকে প্রত্যাহার করার প্রস্তাব করছি।