প্রয়াত হলেন বলিউড পরিচালক রাজ গ্রোভার

প্রয়াত হলেন বলিউডের বিশিষ্ট পরিচালক ও প্রযোজক রাজ গ্রোভার। ৮৭ বছর বয়সেই চির ঘুমে চলে গেলেন। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ টিনসেল টাউন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৪ জুন মঙ্গলবারই রাজ গ্রোভার মারা গেছেন। বর্তমানে তিনি থাকতেন নিউ জার্সিতে। বহু বছর আগেই ভারত ছেড়ে আমেরিকায় ঠিকানা করে নিয়েছিলেন। তবে ভারত ভ্রমণে আসতেন প্রয়াত এই পরিচালক।

কীভাবে রাজ গ্রোভারের মৃত্যু হয়েছে সেই বিযষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, হঠাৎই মৃত্যু হয়েছে তার। যার জেরে পরিবারের সদস্যরাও একেবারে স্তম্ভিত। মৃত্যুকালে পরিচালক রাজ রেখে গেলেন তার স্ত্রী আর সন্তানদের।

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজ গ্রোভার। ঠিকানা, তখতের মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন দর্শককে। ধর্মেন্দ্র, বিনোদ খান্না ছাড়াও অনিল কাপুর, স্মিতা পাটিল, অমৃতা সিংয়ের সঙ্গেও কাজ করেছেন পরিচালক-প্রযোজক রাজ গ্রোভার। চিত্র পরিচালক ও প্রযোজক ছাড়াও রাজ গ্রোভার ছিলেন একজন লেখকও। 'দ্য লেজেন্ডস অফ বলিউড' বইটি লিখেছিলেন রাজ।

জানা গেছে, রাজ গ্রোভারের কোনও শারীরিক সমস্যা ছিল না। রাতের বেলা হঠাৎ আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিচালক-প্রযোজক-লেখক রাজ গ্রোভার।