বেনজীরের সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত।

তথ্যটি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, বেনজীর আহমেদের ক্রোক করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে কোন সম্পত্তি দেখভালের জন্য কোন সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে, পূর্ণাঙ্গ আদেশ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না।

তবে তিনি জানিয়েছেন, গোপালগঞ্জে থাকা ২৮টি পুকুর দেখভালে জেলার মৎস্য কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন আদালত। কক্সবাজারের সম্পত্তি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানকার জেলা প্রশাসককে। এ ছাড়া মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।