বেনজীর কন্যার দুবাইয়ের ফ্ল্যাট জব্দ-ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট : ০৮ মে ২০২৫, ০৬:৫১ পিএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

জানা গেছে, এ ফ্ল্যাটটির মূল্য ৪০ লাখ দিরহাম তথা ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া আমিরাত এনবিডি ব্যাংকের দুই হিসাবে রাইসার নামে থাকা মোট ১ লাখ ৪৩ হাজার ৪৯৭ দিরহাম অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আবেদন সূত্রে জানা যায়, রাইসার বিরুদ্ধে তার পিতার সঙ্গে যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত ক্ষেত্র থেকে ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা অর্জনের অভিযোগের তদন্ত চলমান। অনুসন্ধানকালে দেখা যায়, বেনজীর আহমেদের স্ত্রী জিশান মীর্জা সংযুক্ত আরব আমিরাতে সম্পদ অর্জন করেছেন, যার সুবিধাভোগী তার কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজীর। বাংলাদেশের স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেয়া প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত