বাজেটকে কল্পনার ফানুস বললেন ড. মঈন

বাজেটকে কল্পনার ফানুস উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র্য মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই কল্পনার ফানুস একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র।

আজ বৃহস্পতিবার বাজেট নিয়ে এক তাৎক্ষণিক মন্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ চিন্তায় এ বাজেট দেওয়া না দেওয়ার কোনোরকম সম্পর্ক তো নেইই, বরঞ্চ এই অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী বৎসরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। কাজেই এদেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিত্ববিহীন এই সরকারের কোনও নৈতিক অধিকার নেই। এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য।