দেশে তৈরি কার্পেটের দাম কমনোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রেপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে।
অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে কার্পেট তৈরির শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। কার্পেট উৎপাদনের একটি অন্যতম মূল কাঁচামাল হচ্ছে পলিপ্রেপাইলিন ইয়ার্ন। পণ্যটি দেশে উৎপাদিত হয় না বিধায় দেশের কার্পেট উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ আলোচ্য পণ্যটির ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর। এমতাবস্থায়, দেশে নতুন গড়ে উঠা এই শিল্পের বিকাশের লক্ষ্যে পলিপ্রেপাইলিন ইয়ার্ন নামীয় পণ্যটির আমদানি শুল্ক ১০% হতে হ্রাস করে ৫% করার সুপারিশ করছি।