দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ফের তলব ইডির

রেশন দুর্নীতি মামলায় গতকাল বুধবার সকালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে ইডি। কিন্তু অভিনেত্রী দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। এক ইমেইলে জানিয়ে দিয়েছেন, তার পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছেন অভিনেত্রী।

সূত্রের খবর, অভিনেত্রীর সেই ইমেলের উপর নির্ভর করেই আগামী সপ্তাহে ফের সিজিও কমপ্লেক্সে যাওয়ার নির্দেশ দিল ইডি।

প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাংকে লেনদেনের তথ্যর উপর ভিত্তি করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে ঋতুপর্ণা বলেছিলেন, ‘খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই।’

তাহলে কি ইডির ডাকে যাবেন, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানিয়েছিলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন।’

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজ ভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল।