জেলে থেকেও জয়ী, কীভাবে শপথ নেবেন ‘খালিস্তানি’ নেতা

একদিনও প্রচারের জন্য বের হননি বা হতে পারেননি। কারাগারে থেকেই লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং। প্রায় দুই লাখ বেশি ভোট পেয়ে তিনি জিতেছেন। 

৩১ বছর বয়সী অমৃতপাল গত বছর গ্রেপ্তার হন। তিনি পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এখন প্রশ্ন ‍উঠেছে, নির্বাচনে জিতলেও তিনি কি আদৌ শপথ নিতে পারবেন? জেলে বসে কি সংসদে প্রতিনিধিত্ব করা সম্ভব? মঙ্গলবার (৪ জুন) নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, অমৃতপাল পেয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩০ ভোট। ওই আসনে দ্বিতীয় হয়েছেন কংগ্রেসের কুলবীর সিংহ। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৩১০ ভোট। তৃতীয় হয়েছেন কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (এএপি) লালজিৎ সিংহ ভুল্লার। তিনি পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৩৬ ভোট।

‘ওয়ারিশ পাঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপাল। ২০২৩ সালের ১৮ মার্চ সঙ্গীদের নিয়ে অমৃতসারের কাছে অঞ্জলা থানার লকআপে হামলা চালিয়েছিলেন অমৃতপাল সিং। তারপর থেকে বেশকিছু দিন লাপাত্তা।

তার খোঁজে একের পর এক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। শেষমেশ গত বছরের ২৩ এপ্রিল পাঞ্জাবের মোগা থেকে গ্রেপ্তার করা হয় অমৃতপালকে। জাতীয় সুরক্ষা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা হয় তাকে। পরে অমৃতপালকে নিয়ে যাওয়া হয় আসামে। বর্তমানে সেখানকার ডিব্রুগড় জেলে রয়েছেন তিনি।

জেলে থাকাকালীন লোকসভা নির্বাচনে লড়ার আবেদন জানিয়েছিলেন খালিস্তানপন্থি এই নেতা। আদালতের দ্বারস্থও হয়েছিলেন। খাদুর সাহিব আসন থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে।

অমৃতপালের হয়ে মূলত প্রচার চালিয়েছিলেন তার বাবা তারসেম সিংহ। পাশে ছিলেন তার স্থানীয় সমর্থকরা। খাদুর সাহিব আসন ছেয়ে গিয়েছিল অমৃতপালের পোস্টারে, যেখানে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে তলোয়ার হাতে দেখা গিয়েছিল।

তবে শপথগ্রহণের জন্য অমৃতপালকে আগে জেল কর্তৃপক্ষের অনুমতি চেয়ে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের নজরদারিতে সংসদে গিয়ে শপথ নিতে পারবেন তিনি। তবে তার পর আবার জেলে ফিরতে হবে খলিস্তানপন্থি নেতাকে।

শপথ নেওয়ার পর অমৃতপালকে লোকসভার স্পিকারকে লিখিতভাবে জানাতে হবে যে, তিনি সংসদে উপস্থিত থাকতে পারবেন না। অনুপস্থিত হিসেবে তিনি সংসদ সদস্য থাকতে পারেন কি না, ভোটাভুটির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।