ভারতের লোকসভা নির্বাচনে লড়ছেন জেলবন্দি খলিস্তানি নেতা অমৃতপাল সিং। ভোটও গণনায় প্রাথমিকভাবে বিপুল ভোটে এগিয়ে আছেন এই স্বতন্ত্র প্রার্থী।
দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে, লোকসভা নির্বাচনে পাঞ্জাবের খাদুর সাহেব আসনে ৪৪ হাজার ভোটে এগিয়ে আছেন এই খালিস্তানি নেতা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কুলবির সিং জিরা। ২০১৯ সালের নির্বাচনে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী জসবীর সিং গিল।
‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিং জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গত বছর অভিযুক্ত হন। এরপর থেকে আসামের ডিব্রুগড়ে বন্দি রয়েছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অমৃতপাল। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁর সম্পদ রয়েছে মাত্র হাজার টাকা। তা ছাড়া কোনও স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। দশম শ্রেণি পাশ অমৃতপালের বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হননি।
