বাংলাদেশের টপ অর্ডার নিয়ে স্বস্তি নেই। লিটন দাস ফর্মহীনতায় এখনও ধারাবাহিক। নিজের নামের স্বার্থকতা প্রমাণ করতে পারছেন না। চেনা ছন্দে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সবার ফর্মের অবস্থা যাচ্ছেতাই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও প্রত্যাশা মেটাতে পারেননি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও দুজন ফিরেছেন শূন্য রানে, একজন করেছেন ৬ রান।
অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে তবু আশার গান গাইতেই হয়। নতুন দিনে পুরোনো হতাশা পেছনে ফেলার আশায় আছেন তিনি।
সংবাদ সম্মেলনে তেমনই আশার গান শুনিয়ে বলেছেন, ‘এটা সত্যি যে, টপ অর্ডার বাটসম্যানরা সাম্প্রতি সময়ে ভালো করেনি বা করছে না। তবে কালকের দিনটি পুরোপুরি নতুন দিন। যার যে জায়গায় ঘাটতি আছে, অনুশীলনে সেখানে শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গায় যদি বলেন, আগের জায়গা থেকে এখন সবাই ভালো অবস্থায় আছে। অনুশীলনে ও নেটে যেভাবে ব্যাটিং করেছি আমরা, তাতে মনে হয়েছে সবাই আগের চেয়ে ভালো অবস্থানে আছে।’
শান্ত যোগ করেছেন, ‘আগে কী হয়েছে, এটা চিন্তা না করে, কালকে একটা নতুন দিন, জানি না কে ভালো খেলবে বা কে খারাপ করবে, নতুন দিনে শুরুটা ভালো করবে বা যে ব্যাটসম্যান সেট হবে, তার বড় দায়িত্ব খেলাটা ভালোভাবে শেষ করার। যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে, সেভাবে বাস্তবায়ন করতে পারলে ভালো ম্যাচ হবে।’