গালি দিলেও দর্শকরা ঠিকই খেলা দেখবেন, বিশ্বাস শান্তর

আপডেট : ০৭ জুন ২০২৪, ১২:৪৮ পিএম

বাংলাদেশকে ঘিরে দেশের ক্রিকেট ভক্তদের আশার জায়গায় এবার বড় চোট লেগেছে। সেটা নাজমুল হোসেন শান্তদের সাম্প্রতিক পারফরম্যান্সে। তুমুল ক্রিকেট উন্মাদনার দেশেও এবার দলের প্রতি আশা অনেকেরই খুব কম। গত ১০ বছরে কোনো বিশ্বকাপে সম্ভবত দলকে ঘিরে আশার পারদ এতটা নিচে ছিল না।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশি দর্শকরা দুয়ো দিয়েছেন শান্ত-সৌম্য-লিটনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে হয়েছে অনেক সমালোচনা। প্রশ্ন উঠেছে তাদের ক্রিকেট সামর্থ্য নিয়ে।

তবে দর্শক যতই তাদের গালমন্দ করেন না কেন, দল যখন মাঠে নামবে, গ্যালারিতে তখন ঠিকই বাংলাদেশের সমর্থকদের জোয়ার থাকবে। দেশের টিভি পর্দায় চোখ থাকবে কোটি কোটি মানুষের। এমনটাই বিশ্বাস করেন শান্ত। সেই মানুষগুলির মন রাঙানোর প্রত্যয় শোনালেন বাংলাদেশ অধিনায়ক।

ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দর্শকদের প্রত্যাশা তো সবসময় থাকেই। সবার আশা থাকে। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গা থাকবেই। আমরাও চাই ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের যেন ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি।’

শান্ত যোগ করেছেন, ‘তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে ম্যাচটিতে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করছি এবং আমাদের যে শক্তির জায়গা আছে, সেভাবে ম্যাচটি খেলছি কি না। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো একটি ম্যাচ আমরা খেলতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত