হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারিস রউফ শেষ ওভারে বল করতে এসেছিলেন। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রানের। তার বলে বাউন্ডারি হাঁকিয়ে টাই করেন নীতিশ কুমার। খেলায় সুপার ওভারে গড়ালে সেখান থেকে ম্যাচ জিতে যায় বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সেই হারের পর বাবর আজমরা সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন।

তবে এরই মাঝে পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে উঠেছে বল টেম্পারিংয়ের অভিযোগ। তবে সেটা প্রতিপক্ষ দল কিংবা আম্পায়াররা তুলেননি। তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জুয়ান রাস্টি থেরন। ডালাসে গতকাল যুক্তরাষ্ট্রের অবিস্মরণীয় জয়ের পর এই অভিযোগ তুলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ নিজের হ্যান্ডলে থেরন লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আঁচড়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে! হারিস রউফের বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়ানো সবাই দেখেছে।’

যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি।

৩৮ বছর বয়সী থেরন ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। প্রোটিয়াদের হয়ে ৪টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টি খেলেছেন। অন্য ম্যাচগুলো খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন গতকাল যুক্তরাষ্ট্রের জয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত। তবে পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন থেরন, যা নিয়ে বিতর্ক হলেও হতে পারে। ২০১১ আইপিএলে ডেকান চার্জাস ও ২০১৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন থেরন।