সরকার কতদিন টিকবে প্রশ্নে বিএনপি নেতা বললেন, ‘আল্লাহ জানেন’

বগুড়ায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতায় নমরুদ টেকেনি, ফিলিপাইনের মার্কোস টেকেনি, হাসিনা সরকারও টিকবে না। তাই আন্দোলনের সঙ্গে নেতাকর্মীদের জন্য আনন্দ, বিনোদনের জন্য খেলার আয়োজন করা হয়েছে। দেশের নামকরা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বগুড়াসহ দেশের বিভাগীয় শহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অনেক অবদান। যা দেশের মানুষের মনে রয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়ায় দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির রাজশাহী বিভাগীয় সবুজ দলের প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশা, রাজশাহী বিভাগীয় সবুজ দলের সহ সমন্বয়ক আলী আজগর তালুকদার হেনাসহ আরও অনেকে।

প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ সাল থেকে এদেশের ষড়যন্ত্রের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা যে সরকারকে মানি না, সে সরকারের ঘোষিত বাজেটকে মানার প্রশ্নই আসে না। সরকার পতনের আন্দোলন চলছে। আন্দোলন চলবে। সরকার কতদিনের মধ্যে পতন ঘটবে এমন প্রশ্নে তিনি বলেন, আল্লাহ জানেন। আবার আগামীকালও হতে পারে। তাই আন্দোলন চলবে, সরকার পতনের আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় সবুজ দলের প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশা জানান, শুক্রবার বিকেল ৩টায় বগুড়া করোনেশন ইনস্টিটিউশন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাবেক জাতীয় ফুটবলার ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।