হাঁস আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বগেম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবেরা বেগম দুই সন্তানের জননী ও গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী। 

নিহতের স্বজন ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান ফজল বলেন, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে নিহত আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু তার পাশে বিকট শব্দে একটি বজ্রপাত পড়লে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন, দুপুরে ওই গৃহবধুকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে বজ্রপাতের কোনো লক্ষন পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।