পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত লিপি আক্তার (৩৫) রনশিয়া গ্রামের ফিরোজ জ্জামানের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, লিপি আক্তার দুপুরে ঝড়-বৃষ্টি আসছে দেখে বাড়ির পাশে ভুট্টার শুকনো গাছ তুলতে যান। এ সময় বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দুপুরে বজ্রপাতে লিপি আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশে ভুট্টার ডাটা তুলছিলেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।