জাতীয় আরচারিতে ভালো শুরু অবসরফেরত রোমান সানার

আরচারি থেকে অবসর নিয়ে বেশ শোরগোল তুলেছিলেন রোমান সানা। এরপর নিষিদ্ধ হন, তা তুলে নেওয়া হয়। পরে অবসর ভেঙে ফিরেও এসেছেন। আজ থেকে শুরু হওয়া জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে শুরুটাও করেছেন ভালো।

আজ রিকার্ভ র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২ তীর ছুঁড়ে ৬৫৩ স্কোর নিয়ে ৮৯ জনের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন আনসারের হয়ে খেলা রোমান। রোমানের চেয়ে দুই স্কোর বেশি নিয়ে আব্দুল হাকিম রুবেল আছেন দ্বিতীয় অবস্থানে। ৬৬০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন আর্মি আরচারি ক্লাবের ফয়সাল।

র‌্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর করায় আগামীকাল এলিমিনেশন রাউন্ডে রোমান দুই পর্বে বাই পেয়েছেন। তিনি সরাসরি ১/৩২ রাউন্ডে খেলবেন। আগামীকালই অনুষ্ঠিত হবে ব্যক্তিগত ও দলীয় সকল ইভেন্টের সেমিফাইনাল। পরশুদিন রবিবার হবে পদক নির্ধারণী ম্যাচ।

রোমানের জাতীয় চ্যাম্পিয়নশিপের নৈপুণ্য ও তার অবসর থেকে ফেরার সিদ্ধান্তে বেশ খুশি জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি বলেন, ‘রোমান আবার আরচারিতে পুরোপুরি মনোযোগ দিয়েছে এটা দারুণ বিষয়। আশা করি রোমান নিজের সেরাটা দিয়ে আবার জাতীয় দলে আসবে।’

জাতীয় দলে আসতে হলে রোমানকে অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে প্রমাণ করে আসতেই হবে। রোমান অবশ্য এখন নিজের চেয়ে তার সংস্থা আনসারের দিকেই বেশি মনোযোগ রাখছেন। তিনি বলেন, ‘গতবারের মতো দলকে এবারও চ্যাম্পিয়ন করতে চাই।’

রোমান গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে প্রথম হয়েছিলেন।