গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৬৭৩১

গাজায় ইসরায়েলের বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় ২২১ জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে গত আট মাসে নিহতের সংখ্যা ৩৬ হাজার ৭৩১ জনে পৌঁছেছে। 

শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের পাশাপাশি ইসরায়েলের নৃশংস হামলায় আরও ৮৩ হাজার ৫৩০ ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় যেসব স্থাপনা পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে এখনও সেসব ধ্বংসস্তূপের নিচে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি চাপা পড়ে আছেন। যাদেরকে ইসরায়েলের অবরোধের কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা কার্যকরে রাজি হচ্ছে না ইসরায়েল।