জেতা উচিত ছিল সহজেই কিন্তু ব্যাটিং ভালো করিনি, শান্তর স্বীকারোক্তি

কীভাবে নয় দিনশেষে বাংলাদেশ জিতেছে-এটাই বড় স্বস্তি দেশবাসীর জন্য। ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে নাটকে ভরা এ জয়ে এখন পরের পর্বের আশা করা যেতে পারে। তবে বাংলাদেশ ব্যাটসম্যানদের হতশ্রী নৈপুণ্য সেই আশার পথে অন্তরায়। ম্যাচশেষে অকপটে ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। 

শান্ত বলেন, ‘এমন উইকেটে আমাদের সহজেই ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি।’ এর মাঝেও প্রাপ্তি লিটন দাসের ফর্মে ফেরা। শান্ত সে বিষয়ে বলেন, ‘লিটন কয়েকটা সিরিজ ধরেই স্ট্রাগল করছিল কিন্তু আজ ও নিজের স্কিল দেখিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি। শান্ত বলেছেন, ‘খুবই সাহসী ইনিংস খেলেছে হৃদয়। ওর ইনিংসটাই আমাদের জেতাতে সাহায্য করেছে।’

আজ বোলিং-ফিল্ডিংয়ে দারুণ ছিল বাংলাদেশ। অধিনায়কের মতে, ‘শেষ ১০-১৫ দিন এ নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছি। আজ মাঠে আমাদের শারীরিক ভাষা দুর্দান্ত ছিল। আমার মনে হয় আমরা নিজেদের ১২০ শতাংশ দিতে পেরেছি। ফিল্ডাররাও দারুণ দায়িত্ব পালন করেছেন আজ।’

জয় সুখবর হলেও ব্যাটিংয়ের এই হতশ্রী দশা অচিরেই কাটিয়ে তুলতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে চাইলে আরও অন্তত দুটি জয় চাই-ই শান্তদের।