খাল সাঁতরে পার হওয়ার সময় কুমিরের আক্রমণের প্রাণ গেল গাজীর

সুন্দরবনে খাল পাড়ি দেওয়ার সময় কুমিরের আক্রমণে মোশারেফ হোসেন ওরফে মুসা গাজী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল কুমির প্রজনন কেন্দ্রের সামনের খাল সাঁতরে পার হওয়ার সময় আক্রমণের শিকার হন মোশারেফ। নিহত মোশারেফ গাজী খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের প্রয়াত আমির আলী গাজীর ছেলে।

সুন্দরবনের করমজল কুমির প্রজনন ও ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সম্প্রতি সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার কোনো এক সময়ে মোশারেফ গাজীসহ চারজন করমজলের খাল সাঁতরে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। দুপুরের দিকে বনের ভেতর দিয়ে বের হয়ে খাল সাঁতরে পার হওয়ার সময় মোশারেফকে কুমির আক্রমণ করে। এ সময় মোশারেফ চিৎকার করে বলতে থাকে তাকে কুমির কামড়ে ধরেছে। ওর পাশে থাকা অন্যরা নিজেদের বাঁচাতে দ্রুত সাঁতরে তীরে উঠে যায়। পরে তারা খালের তীরে উঠে লাঠিসোটা নিয়ে কুমিরের অবস্থান বোঝার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টার পরে অনেক খোঁজাখুঁজির পর মোশারেফকে খালের ভেতর থেকে উদ্ধার করে তার সঙ্গীরা। পরে বাড়িতে নিয়ে যায়। তার শরীরে দুয়েকটি স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। কুমিরের সাথে পানির মধ্যে ধস্তাধস্তিতে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।