বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘জাগরণ যাত্রা’ করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেব বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাগরণযাত্রা শেষে শিক্ষার্থী খাতার পৃষ্ঠা ছিড়ে পানিতে ফেলে প্রতিকী প্রতিবাদ জানায়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন,‘দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমরা বাঁচতে চাই ও স্কুলে যেতে চাই।’
ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?
চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা, বলেন, ‘বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।’
চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছাত্র মো.জুনায়েদ হোসেন বলেন, ‘দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা না দিলে উপকূলের ভবিষ্যৎ অন্ধকার হবে।’
অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, ‘জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।’
অভিভাবক কামরুল ইসলাম বলেন, ‘বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমরা না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।’
শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘শিক্ষার্থীদের এই প্রতিবাদ সময়ের দাবি; ঝরে পড়া রোধে রাষ্ট্রের কার্যকর হস্তক্ষেপ জরুরি।’
শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘একটি প্রজন্মকে শিক্ষাবঞ্চিত হতে দেওয়া যায় না। বনজীবী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।’
সচেতন মহল মনে করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে উপকূলের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে।
খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যে সম্মানের শিক্ষার্থী মো: জিয়ারুল ইসলাম সভাপতিত্বে ও কলেজ শিক্ষার্থী আশিকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষার্থী সাকিলা পারভীন, আশুরা খাতুন, মো. অয়েস কুরুনী, মোছা. মুন্নি আক্তার, স্কুল শিক্ষার্থী রাকিব হোসেন, মো. টুটুল, মো. জিল্লুর রহমান,গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো.শফিকুল ইসলাম।
সম্প্রতি সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির বেড়ে যাওয়ায় ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবারে হুমকির মুখে পড়েছে। এতে অনেক শিক্ষার্থীদের ঝরে পড়ে কাজের সন্ধানে ছুটতে হচ্ছে।