বগুড়া

কালভার্টের নিচে অটোরিকশাচালকের লাশ

বগুড়ায় সম্রাট ইসলাম (৩৭) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে সদরের সাবগ্রাম কুরশা এলাকার দ্বিতীয় বাইপাস সড়কে একটি কালভার্টের নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে লাশের পরিচয় নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ।

নিহত সম্রাট সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি সাবগ্রাম এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার স্বামী শনিবার বিকাল ৪টার দিকে তার অটোরিকশা নিয়ে বের হন। সন্ধ্যার পর কোনো এক কারণে আমার শ্বাশুড়ি সম্রাটকে ফোন দেয়। সে সময় সম্রাটের ফোন অপরিচিত একজন রিসিভ করে বলেন রং নম্বর। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। পরে সকালে লাশ উদ্ধারের ঘটনায় ছবি দেখে সম্রাটকে শনাক্ত করি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বলেন, নিহতের পরিচয় মিলেছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি অটোরিকশাচালক ছিলেন। লাশ উদ্ধারের সময় তার অটোরিকশা পাওয়া যায়নি। আমরা ধারণা করছি এটা হত্যাকাণ্ড। তদন্ত শুরু করেছি। এ ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।