চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মামলার আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ অন্য আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
গতকাল রবিবার আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ জানান, পুলিশের ওপর হামলা করে গুরুতর জখম, আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর এবং বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের দায়িত্বপালনে বাধা দেওয়ার অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হককে প্রধান আসামি ও ছিনিয়ে নেওয়া আসামি মো. মোজাম্মেল হককে দ্বিতীয় আসামি করা হয়েছে।
এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনীর দক্ষিণে বঙ্গবন্ধু টানেল সড়ক এলাকায় ওই মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ১৫ জন আহত হন।
গত শুক্রবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় বাজেটকে স্বাগত জানানোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীসহ অন্তত ১৫ জন আহত হন।