কানাডায় ফের খুন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ গয়াল (২৮) নামে এক যুবক। শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় সকালে কানাডার সারেতে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়, নিহত যুবরাজ গয়াল পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। তিনি ২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে যান। পড়াশুনা শেষ করার পর সেখানেই এক কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসাবে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্বও পেয়ে যান যুবরাজ।
রয়্যাল কানাডিয়ান পুলিশ সূত্রে খবর, গত ৭ জুন সকাল পৌনে ৯টা (স্থানীয় সময়) নাগাদ সারের পুলিশ একটি ফোন পায়। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। পরে পুলিশ সেখানে পৌঁছে যুবরাজের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ইতোমধ্যেই চার জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকতরা হলেন- মনবীর বাসরাম, সাহিব বাসরা, হারকিরাত ঝুট্টি এবং কেইলন ফ্রানকোইস। তাদের মধ্যে মনবীর, সাহিব, হারকিরাত তিনজনই সারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেও কানাডায় এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হয়। কানাডার পাশাপাশি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।