২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর অধিনায়ত্ব নিয়ে হয়েছিল নাটক। তিন ফরম্যাটে দুজনকে দেওয়া হয়েছিল দায়িত্ব। টি-টোয়েন্টিতে এক সিরিজ পরই শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরানো হয়।
আবারও দায়িত্ব নেন বাবর। তখন সরব হয়েছিলেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। আবারও পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে সরব হলেন তিনি।
ভারতের বিপক্ষে পাকিস্তানের ৬ রানের হারের পর আফ্রিদি বলছেন, 'একজন অধিনায়ক দলের সবাইকে এক সূত্রে বাঁধতে পারে। আবার সে দলের পরিবেশ নষ্টও করে দিতে পারে। বিশ্বকাপ শেষ হোক। খোলাখুলিভাবেই সব বলব।'
শহীদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি সম্পর্কে জামাই শ্বশুর। সাবেক ও বর্তমান দুই তারকার পারিবারিক সম্পর্কের কারণে মাঝে মধ্যে বিপত্তিতেই পড়তে হয় শহিদ আফ্রিদিকে। তিনি বলেন, ‘শাহিনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। ওর সম্পর্কে কিছু বললেই সবাই বলে আমি নিজের জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছি।'