সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় জড়িত ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ জুন) ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সংঘবদ্ধ ধর্ষণ শিকার ভুক্তভোগী তরুণী সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মেয়ে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সংঘবদ্ধ ধর্ষণ জড়িতের অভিযোগে গ্রেপ্তারকৃতরা উপজেলার উত্তর কুলিয়ার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নিকে চিনতেন। তারা যোগসাজোশে রবিবার রাতে শ্রীরামপুর থেকে তার বুদ্ধিপ্রতিবন্ধী ভাগ্নিকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ায় একটি নির্মাণাধীন খামারের পাশে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়। সারা রাত নিখোঁজ থাকার পরদিন বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আইনী সহায়তার জন্য স্থানীয় থানায় নেন স্বজনরা। পরে ভিকটিমের জবানবন্দি মোতাবেক তার মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা (নং-৪) দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি মাহমুদ বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।