ফ্লোরিডার বজ্রবৃষ্টিতে শ্রীলঙ্কার সর্বনাশ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের কাছে হারের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ধরাশায়ী হয়েছিল শ্রীলঙ্কা। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার স্বপ্ন বেঁচেছিল। নেপাল ও নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারালেই আশা থাকত। 

কিন্তু 'সর্বানাশী' বৃষ্টি সেটা হতে দিল না।প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করতে গিয়ে বজ্রবৃষ্টি উপহার দিল ফ্লোরিডার লডারহিল। 

নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় শ্রীলঙ্কার সুপার এইটে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল। আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘ডি’ গ্রুপ থেকে সবার থেকে সুপার এইট পর্বে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের পর পরশু বাংলাদেশকেও ৪ রানে হারিয়ে সুপার এইটে খেলা প্রায় নিশ্চিত করেই রেখেছিল দক্ষিণ আফ্রিকা। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরের রাউন্ডে উঠবে, তা কারও অজানা থাকার কথা নয়। 

আজ শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ পণ্ড হওয়ায় প্রোটিয়াদের অর্জিত ৬ পয়েন্ট ছোঁয়ার সুযোগ আছে শুধু বাংলাদেশ অথবা নেদারল্যান্ডসের।

এবারের বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো। বার্বাডোজে গত ৪ জুন ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। সেই ম্যাচে স্কটল্যান্ড অবশ্য ১০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল। তবে লডারহিলের গতকাল থেকে শুরু হওয়া বজ্রবৃষ্টি থামার নামগন্ধ নেই! তাই শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে মাঠে বল গড়ানো দূরে থাক টসও হয়নি।

‘ডি’ গ্রুপে বাংলাদেশ থাকায় স্বাভাবিকভাবেই এই গ্রুপ নিয়ে দেশবাসীর আগ্রহ বেশি। আজ শ্রীলঙ্কার ম্যাচ পণ্ড হওয়ায় লাভই হলো বাংলাদেশের। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট নিশ্চিত হবে বাংলাদেশের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে যাবে নাজমুল হোসেনের দল।