পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা কি সুপার এইটে যাবে

অঘটন আর বৃষ্টি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি গ্রুপের অন্তত একটি ফেভারিট কয়েকটি দলকে অনিশ্চতায় ফেলে দিয়েছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা কি আদৌ যেতে পারবে সুপার এইটে। চলুন দেখে নেয়া যাক দলগুলোকে সুপার এইটে উঠতে কি করতে হবে_

পাকিস্তান যেভাবে যাবে সুপার এইটে

১৫ বল বাকি থাকতেই কানাডার বিপক্ষে পাকিস্তানের দৃঢ় জয় নিশ্চিতভাবেই সুপার এইটে ওঠার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে, যদিও তাদের এখনও অন্যদের ওপর ভরসা করতে হচ্ছে। তাদের নেট রান রেট এখন ০.১৯১ এ উন্নত হয়েছে, যার অর্থ তারা আয়ারল্যান্ডকে হারাতে পারলে এবং যুক্তরাষ্ট্র তাদের বাকি দুটি ম্যাচ (আজ ভারত, পরে আয়ারল্যান্ডের কাছে) হেরে গেলে, নিশ্চিতভাবে পাকিস্তান উঠে যাবে সুপার এইটে। এমনকি যদি যুক্তরাষ্ট্র তাদের বাকি দুটি ম্যাচে মোট ১০ রানের ব্যবধানে হেরে যায় (প্রথমে ব্যাট করা দল ধরা যাক ১৪০ রান করলো), পাকিস্তানকে যে কোনও ব্যবধানে জিতলেই হবে (প্রথমে ব্যাট করলে কমপক্ষে ১১২ রান করতে হবে তাদের)।  
তবে পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তা হবে আবহাওয়া। আয়ারল্যান্ডের শেষ ম্যাচের শহর ফ্লোরিডার লডারহিলে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যুক্তরাষ্ট্র এক পয়েন্ট পেলে কিংবা পাকিস্তান যদি এক পয়েন্ট হারায় তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তারা।

ইংল্যান্ড না স্কটল্যান্ড 

'এ' গ্রুপে ভারতের মতোই 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া টানা তিন জয়ে সুপার এইটে উঠে গেছে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থান পাকিস্তানের মতোই: তাদের শেষ দুটি জিততে হবে এবং আশা করতে হবে স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ইংল্যান্ডের পক্ষে কাজটি কিছুটা কঠিন, যদিও, নেট রানরেটে তাদের আরও অনেক কিছু করার আছে: স্কটল্যান্ডের যেখানে ২.১৬৪, সেখানে ইংল্যান্ডের -১.৮। 
স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে ২০ রানে হেরে যায় (ধরা যাক, ১৬১ রান করতে গিয়ে), ইংল্যান্ডকে তাদের শেষ দুটি ম্যাচ ওমান ও নামিবিয়ার বিপক্ষে মোট ৯৪ রানের ব্যবধানে জিততে হবে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ, স্কটল্যান্ডের মতো ম্যাচের মতো যেনো ইংল্যান্ডের কোনো ম্যাচ যেনো বৃষ্টিতে পন্ড হয়ে না যায়। 

নিউজিল্যান্ড কি বাদ পড়বে?

আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড শুধু হারেনি, ৮৪ রানের বিশাল ব্যবধানে হেরে নেট রানরেটের বারোটা (-৪.২০) বাজিয়ে রেখেছে। অন্যদিকে আফগানিস্তান তাদের দুই ম্যাচ মোট ২০৯ রানের ব্যবধানে জিতে, ৫.২২৫ রানরেটে এগিয়ে আছে। আফগানিস্তানের মতো উইন্ডিজও নবাগত উগান্ডাকে ১২০ রানের বেশি ব্যবধানে হারিয়েছে।
নিউজিল্যান্ডকেও একই কাজ করতে হবে, তবে তার আগে বুধবার উইন্ডিজের সঙ্গে 'নকআউট' ম্যাচে জিততে হবে তাদের। যদি তারা হেরে যায় তবে উইন্ডিজ ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠবে। এবং আফগানিস্তানও পরের দিন পিএনজিকে হারিয়ে শেষ আটে উঠে যাবে। নিউজিল্যান্ডকে তখন উগান্ডা ও পিএনজির বিপক্ষে জিতেও লাভ হবে না। 

শ্রীলংকার সম্ভাবনা কতটুকু?

প্রথম দুই ম্যাচে হারের পর ফ্লোরিডায় নেপালের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিতক্ত হওয়ার সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বলা যায় বাদই পড়ে গেছে। সেটুকু সম্ভাবনা আছে সেটার জন্য প্রকৃতির সহায়তা লাগবে তাদের। বাংলাদেশ তাদের পরের দুই ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের সঙ্গে সুপার এইটে উঠে যাবে। 
শ্রীলঙ্কার সূক্ষ্ম যে সম্ভাবনা আছে সে জন্য নেদারল্যান্ডসকে হারাতে হবে তাদের (পয়েন্ট হবে ৩)। 
তখন-
১. বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ যদি বৃষ্টিতে পন্ড হয়
২. যদি দক্ষিণ আফ্রিকা হারায় নেপালকে 
৩. যদি নেপাল হারায় বাংলাদেশকে
সেক্ষেত্র বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডসের মতো শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৩। নেট রানরেটে যদি এগিয়ে থাকে তবে সুপার এইটে যাবে লঙ্কানরা।