সদুত্তর দিতে পারলে মিন্টুকে ছেড়ে দেওয়া হবে: হারুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। প্রশ্নের সদুত্তর দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। যদি কোনো সদুত্তর দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১২ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, মূল ঘাতক শিমুল ভূঁইয়াসহ তিনজনের দেওয়া জবানবন্দিতে নাম এসেছে ‘গ্যাস বাবুর’। গ্যাস বাবুকের  পর তার দেওয়া তথ্যে নাম আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর। তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণের জন্যই তাকে ডাকা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারলে মিন্টুকে ছেড়ে দেওয়া হবে। আর না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত রয়েছে। সে তথ্য-উপাত্তের ভিত্তিতে মিন্টু যদি কোনো সদুত্তর দিতে না পারেন, তদন্তকারী কর্মকর্তা তখনই আইনগত ব্যবস্থা নেবেন।

মামলা তদন্তের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা পুলিশ সবসময় স্বাধীনভাবে মামলা তদন্ত করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো চাপ থাকে না।

এর আগে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গোয়েন্দা সূত্রের দাবি, আনার হত্যাকাণ্ডের প্রধান হোতা আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মিন্টুর যোগাযোগ ছিল।

 এর আগে আনার হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ জুন রাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে ‘গ্যাস বাবু’কে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর ৮ জুন আনারকে হত্যার উদ্দেশ্যে করা অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।