বাংলাদেশের প্রথম ও একমাত্র নন-ফিকশন টিভি চ্যানেল ‘নেক্সাস টেলিভিশন’ ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করেছে ৬ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিনের অনুষ্ঠানকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিদিনের সরাসরি টকশো ‘সাতদিন’-এ থাকছেন বিভিন্ন মাধ্যমের আলোচিত তারকারা।
সাতদিনের বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার ও তার কন্যা অভিনয়শিল্পী ও নির্দেশক ত্রপা মজুমদার। ড. জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহমুদুল হাসান।
আড্ডা আলোচনায় মা ফেরদৌসী মজুমদার ও কন্যা ত্রপা মজুমদারের ভালোবাসা, খুনসুটি, মান-অভিমান মিল-অমিল সবই জানাবেন তারা। সেই সঙ্গে উঠে এসেছে তাদের শিল্পজীবন, থিয়েটার ভাবনা, সমকালীন ডিজিটাল সংস্কৃতি, সুসন্তান গড়ে তোলায় পরিবারের ভ‚মিকা ইত্যাদি। মা-মেয়ের যুগল আলাপন দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন ১৯ জুন, বুধবার রাত ৮টায়।