এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ভোগাচ্ছে সাকিব আল হাসানের ফর্ম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এরপর ব্যাট হাতে মাত্র ৮ রান করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভার বল করার সুযোগ পান।
প্রোটিয়াদের বিপক্ষে ৬ রান দিয়ে উইকেট শূন্য সাকিব। ব্যাটে ৩ রান করে আউট হয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। শীর্ষস্থান থেকে সাকিব ৪ ধাপ নেমে গেছেন পাঁচ নম্বরে।
তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আশা নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করবেন সাকিব।
সাকিবকে নিয়ে শান্ত বলেন, 'সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো (নেদারল্যান্ডসের বিপক্ষে) আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।'
চোখের সমস্যার কারণেই সাকিবের ব্যাটিংয়ের এমন অবস্থা কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন (সাকিব)।'