কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি (প্রীতি) ম্যাচে জিততে পারল না ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ব্রাজিলের বিপক্ষে টানা ১১ ম্যাচ হারের পর ড্রয়ের মুখ দেখল যুক্তরাষ্ট্র। ব্রাজিল এখন পর্যন্ত একটি ম্যাচই হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেটি ১৯৯৮ সালে।
গত শনিবার মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল ব্রাজিল। সেই ম্যাচের একাদশে ১০টি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ম্যাচের ১৭ মিনিটে রাফিনহার পাস থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদে খেলা উইঙ্গার রদ্রিগো। ২৬ মিনিটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।
মিডফিল্ডার হোয়াও গোমেজ ফাউল করায় ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। মানবদেয়ালের নিচ দিয়ে মাটি কামড়ানো শটে ফ্রি কিক থেকে গোল করেন এসি মিলান অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক।
যুক্তরাষ্ট্রের এসি মিলান মিডফিল্ডার ইউনুস মুসা ম্যাচের পঞ্চ মিনিটে ২৫ গজ দূরত্ব থেকে বুলেট গতির শট নিয়েছিলেন। বল ক্রসবারে লাগে। এটি গোল হলে ফলাফল ভিন্ন হতে পারতো।
ম্যাচ শেষে রদ্রিগো বলেন, 'ম্যাচটি কঠিন ছিল, তবে আমরা সব সময় জিততে চাই। আমরা যেন না হারি সেটা নিশ্চিত করতে হবে অনুশীলনে। যুক্তরাষ্ট্র আমাদের কঠিন পরিস্থিতিতে ফেললেও আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, (গোল করার) অসংখ্য সুযোগও পেয়েছি।'
কোপা আমেরিকা শুরুর আগে ব্রাজিলের মতো এটা যুক্তরাষ্ট্রেরও শেষ ম্যাচ।
২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ডি গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। সি গ্রুপে যুক্তরাষ্ট্রের তিন প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।
