২৫০ দিনের যুদ্ধে সাড়ে ১৫ হাজার শিশু নিহত, ১৭ হাজার এতিম

টানা আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশ ইসরায়েল। আবাসিক ভবন, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও।

গাজাতে ইসরায়েলের ২৫০ দিনের টানা এ আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে উপত্যকাটির কোমলমতি শিশুরা। খবর আল জাজিরা।

গাজার স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, ভূখণ্ডটিতে গত ২৫০ দিনে ইসরায়েলের তীব্র হামলা ও নির্বিচার আগ্রাসনের ফলে ১৫ হাজার ৬৯৪ শিশু নিহত হয়েছে এবং বাবা-মা হারিয়েছে ১৭ হাজার শিশু। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে শিশুদের।

ইসরায়েলি বাহিনীর হামলা এবং তীব্র আগ্রাসনের পাশাপাশি অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। খাদ্য সংকট এতোটাই দেখা দিয়েছে যে, গাজার উল্লেখযোগ্য অংশ ‘দুর্ভিক্ষের মতো পরিস্থিতির’ সম্মুখীন হয়েছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গাজায় খাদ্য সংকটের মূল শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানি সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখায় গাজার হাজার হাজার ফিলিস্তিনি শিশু অপুষ্টিতে ভুগছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস গাজায় বিপর্যয়কর ক্ষুধা সম্পর্কে সতর্ক করে বলেন, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে পাঁচ বছরের কম বয়সী ৮ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

তিনি আরও জানান, অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডে অপুষ্টির কারণে ৩২ জনের মৃত্যু হয়েছে।