ইতালির পুগলিয়ায় জি-৭ সম্মেলনের জন্য জড়ো হয়েছেন বিশ্বের সাতটি ধনী দেশের নেতারা। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ইউক্রেনকে কোটি ডলারের সহায়তা দিতে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করার প্রস্তাবে অনুমোদন দেবেন তারা।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গ্রুপ অফ সেভেন নেতারা বছরের শেষ নাগাদ হিমায়িত রুশ সম্পদের ব্যবহারের মাধ্যমে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সহায়তা দিতে সম্মত হতে পারে। জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের প্রস্তাবটি রেখেছিল যুক্তরাষ্ট্র।
এই প্রস্তাব অনুমোদিত হলে ইউক্রেনের জন্য এক বছরে ৫ হাজার কোটি ডলার পর্যন্ত সহযোগিতা উঠতে পারে। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে পশ্চিমারা।
সম্মেলনে ইউক্রেনের জন্য মার্কিন এই প্রস্তাব অনুমোদিত হলে একটি ঋণ হিসেবে দেশটিকে অর্থ দেওয়া হবে। রাশিয়ার ৩২ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদের সুদ থেকে এই ঋণ দেওয়া হবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সেগুলো জব্দ করেছিল জি৭ ও ইউরোপীয় ইউনিয়ন।
যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশগুলো রাশিয়ার কাছ থেকে ওই সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনকে দিতে পারে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইতালির জি সেভেন সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করবেন। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা স্বাক্ষর করবেন জেলেনস্কি।
এছাড়া ইউক্রেনের জন্য ৩০ কোটি ৯০ লাখ ডলার পর্যন্ত সহায়তা ঘোষণা করতে প্রস্তুত ঋষি সুনাক।
এবারের জি সেভেন সম্মেলনের আলোচ্যসূচিতে গাজা যুদ্ধ, অভিবাসন, অর্থনৈতিক নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।