দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ে কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রান্সের এই ফরোয়ার্ড ২০২২ সালে বলেছিলেন, ‘দক্ষিণ আমেরিকায় ফুটবলের মানে ইউরোপের মতো উন্নত নয়।' কয়েক দিন আগে এমবাপ্পে আবার বলেছেন, 'বিশ্বকাপ জেতার চেয়ে ইউরো জেতা কঠিন।'
আগামীকাল থেকে শুরু হবে ইউরো। আর বাংলাদেশ সময় ২১ জুন সকাল থেকে শুরু হবে কোপা আমেরিকা। ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা যখন সামনে, তখন এমবাপ্পের আরেক বিতর্কিত মন্তব্যবের জবাব দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক মেসি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ইউরো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কিন্তু সেখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে বাদ দিয়ে খেলা হয়। এতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বাদ দিয়ে খেলার পরেও আপনি বলছেন ইউরো সবচেয়ে কঠিন, তাই না? বিশ্বকাপে সেরা দলগুলোই খেলে। সাধারণত সব বিশ্ব চ্যাম্পিয়নরাই সেখানে থাকে। এ কারণেই সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়।’
এমবাপ্পে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতলেও এখনো ইউরো জিততে পারেননি। ফ্রান্স সবশেষ মহাদেশীয় শিরোপা (ইউরো চ্যাম্পিয়নশিপ) জিতেছিল ২০০০ সালে।
২০২২ সালে দক্ষিণ আমেরিকান ফুটবলকে যে খাটো করে এমবাপ্পে কথা বলেছিলেন, সেটাও ভোলেননি মেসি। পিএসজিতে দুই বছর একসঙ্গে খেললেও মেসি এবার এমবাপ্পেকে দিলেন কড়া জবাব। 'সে এর আগে এটাও বলেছিল দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপের মতো উচ্চমানের ফুটবল খেলতে পারে না। তাই মানুষ শুধু তাদেরকেই (ইউরোপীয়দের) মূল্য দেয়।'
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি। তবে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান এমবাপ্পে।