ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৫ এলাকায় আগুন

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হওয়ার জবাবে দেশটিতে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রয়েছে। লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলের ১৫টি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) ইসরায়েলের দৈনিক মারিভের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। বিকেলের দিকে লেবানন থেকে প্রায় ৪০টি রকেট ছোড়া হয়। লেবানন সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাফেদসহ ইসরায়েলি শহরের উপরে অসংখ্য রকেট প্রতিহতের ফুটেজ সম্প্রচার করেছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।

ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, এ হামলায় ইসরাইলে দুজন আহত হয়েছেন। লেবানন থেকে ছোড়া রকেটগুলো খোলা জায়গায় পড়ে আশেপাশের বেশ কয়েকটি স্থানে দাবানল ছড়িয়েছে। 

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।