যুক্তরাজ্যের সমারসেটের বাথ শহরে অবস্থিত সেখানকার একমাত্র জগন্নাথ মন্দিরটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। যা নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে অস্থায়ীভিত্তিতে সাবেক কালভারহে স্কুলে মন্দিরটি চালু করা হয়। এটি বাথ শহরের একমাত্র মন্দির ছিল। কিন্তু বাথ এবং নর্থইস্ট সমারসেট কাউন্সিল নতুন দুটি স্কুল বানানোর জন্য পুরনো স্কুলটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে।
তবে স্কুলে থাকা মন্দিরটি নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তা ঠিক করতে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন কাউন্সিলের ক্যাবিনেট সদস্য পল রোপার। তিনি বলেছেন, আমরা মন্দিরের সংবেদনশীলতার বিষয়টি বুঝতে পারছি। কিন্তু শিক্ষার জন্য জায়গাটি ব্যবহারের প্রয়োজনীয়তা আরও বেশি।
পল রোপার জানিয়েছেন, সমারসেটের বেশিরভাগ স্কুলভবন ২০২৫ সালের শুরুর দিকে ভেঙে ফেলা হবে। তবে যেসব স্কুলে মন্দির রয়েছে সেগুলো ভাঙতে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করা হবে। যেন মন্দিরগুলো অন্যত্র সরিয়ে নেয়া যায়।
এদিকে মন্দিরটির মুখপাত্র অশীষ রাজহংস বলেছেন, জগন্নাথ মন্দিরটি গত তিন বছর ধরে আমাদের বাড়ি। মন্দিরটি স্থানান্তরে উপযুক্ত জায়গা পেতে ছয় মাস সময় লাগতে পারে। এ জন্য কিছুদিন মন্দিরটি পুরোপুরি বন্ধও থাকতে পারে। যদি দ্রুত সময়ের মধ্যে কোনো জায়গা না পাই তাহলে বিষয়টি আমাদের জন্য কষ্টের হবে। আমরা জানতাম একসময় জায়গাটি ছাড়তে হবে। কিন্তু এখন উপযুক্ত সময় নয়।
তবে কাউন্সিলের ক্যাবিনেট সদস্য পল রোপার জানিয়েছেন, নতুন স্কুল তৈরির জন্য পুরনো সব স্কুল ভেঙে ফেলা হবে না। কিছু স্কুল আবাসিক ভবন এবং অন্য কাজেও ব্যবহার করা হবে। আলোচনা সাপেক্ষে মন্দিরটি সেখানে স্থানান্তর করা হতে পারে।