খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন গরিবরা ভাতের মাড় খেতো। কেউ খেতো আটার রুটি। তখন কেউ আটা কিনলে মনে করা হতো সে সবচেয়ে গরিব মানুষ। আর এখন গরিবরা তিনবেলা ভাত খায়। ধনীরা খায় আটা। সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক।’
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এক সময় আমাদের দেশে খাদ্যের খুব অভাব ছিল। তখন অনেকেই একবেলা ভাত খেতো। বিদেশ থেকে চাল আমদানি করা হতো। তখন ধারণা ছিল গোডাউনের চাল মানেই গন্ধ চাল। আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে। বর্তমানে চালের মান অনেক ভালো। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন নজির দেশে নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আমির খসরু, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ।