সংসদে বাজেট আলোচনা

কৃষিতে ভর্তুকি কমানোয় অর্থমন্ত্রীর সমালোচনা

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে কৃষিতে ভর্তুকি কমানোয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেছেন, ‘কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না। মূল্যস্ফীতি কমাতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘এ বছর মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। যার জন্য ৭৩৯টি দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয়, তার মধ্যে পাঁচশর অধিক হচ্ছে কৃষিজাত পণ্য। কৃষি উৎপাদন বাড়াতে কৃষককে ভর্তুকি দিতে হবে। অথচ কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। গত বছর যেটা ছিল, সেটা বহাল রাখতে হবে।’ ভিজিএফে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

দেশের অর্থনীতির বড় দায় খেলাপি ঋণ উল্লেখ করে এমপি শাহরিয়ার জাহেদী বলেন, বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যেটা দেশের জন্য অনেক বড়। যদিও শতাংশের দিক থেকে এটি ১১ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে আদায় হয়েছে ৫৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মামলার কারণে ২ লাখ ১২ হাজার ১৫৭ কোটি টাকা সরকারের অনাদায়ী হয়ে আছে। সারা দেশে আদালতে আটকে থাকা মামলা রয়েছে ২ লাখ ৮২ হাজার ৯৬টি। এ মামলা কীভাবে নিষ্পত্তি হবে জানা নেই। যে ঋণ দেওয়া হয়েছে তার ২৫ শতাংশ আমরা পাচ্ছি না। এটা দেশের অর্থনীতির জন্য বড় দায়।